প্রকাশিত: ১৯ আগষ্ট, ২০২৬, ১২:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত

 

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি করেন। নির্বাচনি হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ এনে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।

রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল হান্নান মাসউদের নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে এ নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আইনজীবী ইব্রাহিম খলিল জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

এদিকে, রিটে আনা অভিযোগের বিষয়ে আবদুল হান্নান মাসউদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন