প্রকাশিত: ১১ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙনের কবল থেকে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন দুই গ্রামের বাসিন্দারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া-খাওইউড়া সংলগ্ন নদীর তীরে হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে। তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন বেড়ে গিয়ে দুই গ্রামের বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

বক্তারা বলেন, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে আরও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দুই গ্রামের কৃষক ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার কৃষকেরা দিশেহারা। ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে।” তিনি অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম ও ইজ্জত উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

মন্তব্য করুন