প্রকাশিত: ৯ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:৪০ এ এম

অনলাইন সংস্করণ

চৌগাছায় বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা

 

আব্দুর রশীদ:চৌগাছা প্রতিনিধি

‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’—এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সভাপতি কামাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সি এম সি প্রোগ্রামার ও দি বোয়িং কোম্পানির কর্মকর্তা রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর মো. আইউব হোসেন, চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশীদ।

সভায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দেশ ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তবিবর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, চৌগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থী সভায় অংশ নেয়। বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতে বিজ্ঞানচর্চায় তাদের আরও সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন