প্রকাশিত: ২৬ আগষ্ট, ২০২৬, ০২:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ৭০০টির বেশি পণ্যে কানাডার পাল্টা শুল্ক

ছবি : সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের জেরে এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৭০০টির বেশি পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কানাডা সরকার জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের জবাব হিসেবে প্রায় ২৭ দশমিক ৬ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের মার্কিন পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নতুন শুল্কের আওতায় থাকবে ইস্পাত ও অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, পাল্প ও কাগজ, প্লাস্টিক এবং ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন সামগ্রী। পণ্যভেদে শুল্কের হার ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।

বাণিজ্য বিরোধের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ৭ দশমিক ৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের সহায়তা তহবিলও ঘোষণা করেছে কানাডা সরকার। পাল্টা শুল্কের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এই তহবিলের মাধ্যমে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ২২ আগস্ট কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে শেষ মুহূর্তের আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় ওয়াশিংটন এ সিদ্ধান্ত নেয়। এরই প্রতিক্রিয়ায় এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল অটোয়া।

যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে কানাডা থেকে আমদানি করা বিপুল পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কাঠ, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, ওয়াইন, বস্ত্র ও ক্রীড়া সরঞ্জামসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে।

দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র-কানাডার দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

মন্তব্য করুন