প্রকাশিত: ২৬ আগষ্ট, ২০২৬, ০৯:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল-ভূমিধস, নিহত ৯৫; নিখোঁজ ৫ শতাধিক

ছবি: সংগ্রীহিত

আমাদের সকাল ডেস্ক:
নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ শতাধিক মানুষ। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলে অবস্থিত রাসুয়া জেলায় বুধবার সকালে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে ভোতে কোশি নদী দিয়ে হঠাৎ বিপুল পরিমাণ পানি নেমে আসে। মুহূর্তের মধ্যে পানির স্রোত ও কাদায় তলিয়ে যায় ঘনবসতিপূর্ণ এলাকা। এতে বহু মানুষ হতাহত ও নিখোঁজ হন।

ঘটনার পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। নেপাল পর্যটন বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, দুর্গত এলাকায় থাকা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ ২৯১ বিদেশির মধ্যে রয়েছেন ১০৫ জন ভারতীয় নাগরিক, ৩৭ জন প্রবাসী ভারতীয় বা এনআরআই, ১৭ জন মালয়েশিয়ান, ১২ জন ব্রিটিশ, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন নাগরিক, একজন অস্ট্রেলিয়ান ও একজন ডাচ নাগরিক। এ ছাড়া আরও ১১১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন, যাদের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি। নিখোঁজ এসব বিদেশি পর্যটক হিসেবে নেপালে অবস্থান করছিলেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান কৈলাশ-মানস সরোবরে যাওয়ার পথে প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। নিখোঁজদের তালিকায় দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন।

দুর্যোগের পর দুর্গত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজে নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা বাহিনীও কাজ করছে।

মন্তব্য করুন