প্রকাশিত: ২ সেপ্টেম্বার, ২০২৬, ০৬:২৬ পিএম

অনলাইন সংস্করণ

ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

 


দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ ও গণমাধ্যমের বিভিন্ন সমস্যা নিয়ে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান সম্পাদক, সিইও, হেড অব নিউজ ও বার্তা বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, মতবিনিময়ে ডা. শফিকুর রহমান দেশের জনজীবনের বিভিন্ন সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস এবং দলীয়করণসহ নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি গণমাধ্যম কীভাবে জনমত তৈরি ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

গোলাম পরওয়ার বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে ডা. শফিকুর রহমান মত দিয়েছেন। এ ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

বৈঠকে উপস্থিত গণমাধ্যমের কয়েকজন শীর্ষ কর্মকর্তা গণভোটের রায় নিয়ে জামায়াতের অবস্থান আরও স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন বলেও জানান গোলাম পরওয়ার। তাদের মতে, গণভোটের রায় মেনে নেওয়া হবে কি না—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন।

মতবিনিময়ে গণমাধ্যমের দায়িত্ব নিয়েও আলোচনা হয়। ডা. শফিকুর রহমান বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জামায়াতের কোনো কর্মকাণ্ডে ত্রুটি থাকলে তা খোলামেলাভাবে তুলে ধরার জন্যও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বেতন কাঠামো, ওয়েজ বোর্ড, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তারা তাদের উদ্বেগের কথা জানান। এসব সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন জামায়াত আমির।

গোলাম পরওয়ার আরও বলেন, বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকা অতীতের তুলনায় গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক বলে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা মত দিয়েছেন।

এ বিষয়ে ডা. শফিকুর রহমানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশের ও জনগণের স্বার্থে সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত। একই সঙ্গে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে অবস্থান নেওয়া হবে। তবে এসব কর্মসূচি অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল হবে।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপিসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন