প্রকাশিত: ২ সেপ্টেম্বার, ২০২৬, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের একাউন্টে পেনশন ও ভাতাদি সংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়া ১৩ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮৫৬ টাকা আত্মসাতের দায়ে অডিট অধিদপ্তরের
দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদের মধ্যে একজন ইশরাত জাহান। যিনি চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি JCO & OR কার্যালয়ে কর্মরত। অপরজন
শাহীনুর রহমান খান। যিনি এসএএস অধীক্ষক (সুপার) হিসেবে চীফ কন্ট্রোলার ডিফেন্স ফাইনান্স আর্মি (সিও) কার্যালয়ে কর্মরত।
এই ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
একটি প্রজ্ঞাপনে দেখা যায়, সরকারি পেনশন ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস++-এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা
পরিশোধ ও আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে জানতে পারে ইশরাত জাহান তার নিজস্ব আইবাস++ ইউজার আইডি
ব্যবহার করে পেনশন ও ভাতাদি সংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে ২৬ জন পেনশনারের ৩৪৬টি বকেয়া পেনশন বিল বাবদ
মোট ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করেছেন।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ওই অর্থ বিধিবহির্ভূতভাবে পরিশোধের জন্য ইশরাত জাহানকে সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা (Subsistence Grant) পাবেন।
অপর একটি প্রজ্ঞাপনে দেখা যায়, শাহীনুর রহমান খান নামের এক কর্মকর্তাও একই অংকের টাকা আত্মসাত করেছেন।
তিনি আইবাস++ প্লাটফর্মের নিজের ইউজার আইডি ব্যবহার করে ২৬ জন পেনশনারের বকেয়া পেনশন ও ভাতাদি পরিশোধের জন্য বকেয়া বিলের সার্টিফিকেট জেনারেশন
এবং পেনশন এরিয়ার বিলের টোকেন এন্ট্রি করেছেন। এর মাধ্যমে তিনি পেনশনারদের ৩৪৬ টি
বকেয়া পেনশন বিল বাবদ মোট ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করেছেন।
শাহীনুর রহমান খান চীফ কন্ট্রোলার ডিফেন্স ফাইনান্স আর্মি (পেনশন ও ফান্ড) এসএএস অধীক্ষক (সুপার) হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমানে তিনি চীফ কন্ট্রোলার ডিফেন্স ফাইনান্স আর্মি (সিও) কার্যালয়ে কর্মরত।
প্রজ্ঞাপন অনুযায়ী, ইশরাত জাহান আগে চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের (পেনশন ও ফান্ড) কার্যালয়ে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমানে তিনি চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি JCO & OR কার্যালয়ে একই পদে কর্মরত।
তবে এটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, সিএজি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ ফর্মস ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট
দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি পরবর্তী গেজেটে প্রকাশের জন্যও অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন