প্রকাশিত: ১০ সেপ্টেম্বার, ২০২৬, ০৮:১৭ এ এম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
‘মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের ভূমিকা: সচেতনতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা, কুইজ, নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, মাদক মানুষের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং এর প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবারকে সন্তানদের প্রতি বিশেষ নজর দিতে হবে।
তিনি বলেন, কৌতূহল, বন্ধুদের প্ররোচনা, হতাশা ও পারিবারিক নানা কারণে কেউ কেউ মাদকের দিকে ঝুঁকে পড়েন। এসব পরিস্থিতিতে মাদককে সমাধান হিসেবে না নিয়ে পরিবার, শিক্ষক, কাউন্সেলর বা বিশ্বস্ত ব্যক্তির সহায়তা নেওয়া উচিত।
জেলা প্রশাসক আরও বলেন, মাদক ব্যবসায়ীরা অনেক সময় নারীদের মাদক বহনে ব্যবহার করার চেষ্টা করে। তাই অপরিচিত বা সন্দেহজনক কারও পার্সেল, ব্যাগ বা কোনো সামগ্রী বহনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সংগীতশিল্পী বাবলু হক মাদকবিরোধী সংগীত পরিবেশন করেন।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী চার শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। এ ছাড়া অনুষ্ঠানে মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিক্ষার্থীরা মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন