প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১২:২০ পিএম

অনলাইন সংস্করণ

সরকারি দুস্থদের ত্রাণ সহায়তার তালিকায় বিএনপির দলীয় নেতাকর্মী

 

তাকিনুল ইসলাম:(লক্ষ্মীপুর জেলা) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা মানবিক সহায়তার অর্থ বিতরণের তালিকায় বিএনপির নেতাকর্মীর নাম থাকায় প্রশ্ন উঠেছে। গরিব, দুস্থ ও অসহায় ৪৮৬ জনের মধ্যে এ সহায়তা বিতরণ করা হলেও তাঁদের কয়েকজনকে বিএনপির বিভিন্ন পর্যায়ের পদে থাকা ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা দেখা গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৪৮৬ জনের মধ্যে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।অনুষ্ঠানে অর্থ গ্রহণকারীদের মধ্যে পৌর বিএনপির ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী, একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, একজন যুবদল নেতা ও ছাত্রদলের ওয়ার্ড সভাপতিকে দেখা যায়। তাঁদের অর্থ গ্রহণের ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলো নিয়ে স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা সরকারি সহায়তার উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছে। রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিরা কোন যোগ্যতায় ওই তালিকায় স্থান পেয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির নিচে একজন মন্তব্য করেন, ‘এখানে গরিব কে?’ এ ধরনের আরও মন্তব্যে উপকারভোগী নির্বাচন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, দলীয় স্বচ্ছল কেউ পেয়েছেন কিনা এ বিষয়টি আমার জানা নেই। এমপি তাঁর মতো করে তালিকা করেছেন। যাঁদের দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, তাঁদেরই দিয়েছেন।

মন্তব্য করুন