প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ
বরগুনার তালতলীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরগুনা জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং তালতলী উপজেলার জাকির তবক গ্রামের জয়নাল শিকদারের ছেলে মো. রাজু।
পুলিশ জানায়, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও দলটির নেতাকর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি।
অন্যদিকে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, পূর্বের একটি মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন