প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ০৭:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
আলী হামজা:কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
লিখিত বক্তব্যে শেখ রুবেল হাসনাত পাশা বলেন, গত ২ অক্টোবর ‘দৈনিক কেশবপুর আপডেট’ নামে একটি ফেসবুক আইডিতে তাকে জড়িয়ে চাঁদা দাবির অভিযোগে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে তাকে নিয়ে ২০ লাখ টাকা এবং মনি শংকর সেনের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার সঙ্গে এ ধরনের চাঁদা দাবির কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “একটি মহল আমার ও দলের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ফেক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”
শেখ রুবেল আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানাতে এবং প্রকৃত বিষয়টি তুলে ধরতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। একই সঙ্গে ওই ফেসবুক আইডির বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
তিনি বলেন, “আমি ওই ফেক আইডির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছি। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব ব্যক্তিকে চিহ্নিত করতে সাংবাদিকদের সহযোগিতা চাই।”
সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে শেখ রুবেল বলেন, বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি গৌরিঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে তিনি আবারও নির্বাচনে অংশ নেবেন।
তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কেউ কেউ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে সরকারি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্তেরও দাবি জানান তিনি।
শেখ রুবেল বলেন, “সঠিক তদন্ত হলে এ ঘটনার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে গৌরিঘোনা ইউনিয়নের মো. মুজিবুর রহমান সরদার, মো. জামাল সরদার, শামিমুল আলম ও আশরাফ আলী সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন