প্রকাশিত: ২ সেপ্টেম্বার, ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) জরুরি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এ অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।
এদিকে, নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।
নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যার পর দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।
অন্যদিকে, সীমান্তের চীনা অংশে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে এখনো ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।
মন্তব্য করুন