প্রকাশিত: ৪ সেপ্টেম্বার, ২০২৬, ১২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

নেপালে ভূমিধসের ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

ছবি : সংগৃহীত

 

নেপালে ভয়াবহ ভূমিধসের নয় দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের একটি টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার ত্রিশূলী নদীর তীরে অবস্থিত আপার ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন প্রকল্পটির মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ ও মেকানিক্যাল সুপারভাইজার কবির মহার্জন। দেশটির জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠের কার্যালয় এক বিবৃতিতে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৬ আগস্ট ত্রিশূলী নদীর উজানে বরফ, পাথর ও কাদার বিশাল ধস নামে। এতে একটি বিস্তীর্ণ উপত্যকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এ ঘটনায় ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

কর্মকর্তা ও উদ্ধারকারীদের ধারণা, নদীর উজানে হিমবাহ ধসে যাওয়ার পর ত্রিশূলী নদীর তীরে থাকা ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন টানেলে প্রায় ৯০০ মানুষ আটকা পড়েছিলেন।

জ্বালানিমন্ত্রীর এক সহযোগী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কবির মহার্জন হাত-পা নাড়াতে পারছেন না। অন্যদিকে সঞ্জয় সাহের আঘাত গুরুতর নয়। উদ্ধার দুজনকেই চিকিৎসার জন্য রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।

কবিরের ভাই আমির মহার্জন জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি। তবে তাকে হাসপাতালে যেতে বলা হয়েছে।

তিনি বলেন, “খবরে শুনছি, আমার ভাইকে পাওয়া গেছে। পুরো পরিবার খুবই খুশি।”

মন্তব্য করুন