প্রকাশিত: ৩ সেপ্টেম্বার, ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপিকে টিকিয়ে রাখতে দীর্ঘদিন অর্থ, শ্রম ও মেধা ব্যয় করলেও প্রবীণ নেতা মির্জা আব্বাস দল থেকে যথাযথ মূল্যায়ন পাননি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি টেলিভিশন ‘স্টার নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা আব্বাসের অসুস্থতা, রাজনৈতিক জীবনের অবমূল্যায়ন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বিএনপির জন্য কাজ করেছেন। দলকে টিকিয়ে রাখতে নিজের অর্থ, সময় ও শ্রম ব্যয় করেছেন। কিন্তু তার অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি। বিষয়টি তরুণ রাজনীতিকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বলে মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাসের অসুস্থতার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের শারীরিক জটিলতার পাশাপাশি অতিরিক্ত কাজের চাপও তার অসুস্থতার কারণ হতে পারে। তবে দলীয় অবমূল্যায়নের কারণে মানসিক চাপ তার শারীরিক অবস্থায় প্রভাব ফেলেছে কি না, সে বিষয়েও আলোচনা রয়েছে।
প্রবীণ এই রাজনীতিকের প্রতি সহানুভূতি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষের জীবনে শেষ পর্যন্ত তার সততা ও কর্মই গুরুত্বপূর্ণ। কোনো রাজনৈতিক দলকে কতটা সময় দেওয়া হয়েছে, সেটিই জীবনের চূড়ান্ত মূল্যায়ন নয়।
সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর মির্জা আব্বাসকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তার মতে, দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে অতিরিক্ত জনসমাগম ও ব্যস্ততার কারণে শারীরিকভাবে কিছুটা চাপের মধ্যে পড়তে পারেন মির্জা আব্বাস। সুস্থতার জন্য তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস। অধিবেশন শেষে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
মন্তব্য করুন