প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ০৮:১৬ এ এম

অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবসে মিরপুরে ফুলকুঁড়ি আসরের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি সংগ্রীহিত

 

 

‘সুস্থ থাকলে পরিবেশ, বাঁচবে মাটি, বাঁচবে দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য, শিশু-কিশোর এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার পরিচালক আব্দুল মুমিন সভাপতিত্ব ও পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আরিব মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে আরিব মাহমুদ শিশু-কিশোরদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনতে পারে। আমরা কখনো যেখানে-সেখানে ময়লা ফেলব না এবং কোনো ধরনের সম্পদের অপচয় করব না। এসব অভ্যাসই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।’

সভাপতির বক্তব্যে আব্দুল মুমিন বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবসের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা। পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেষ্ট হতে হবে।’

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন