প্রকাশিত: ১০ মে, ২০২৬, ১২:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

শাল্লায় ফসলরক্ষা বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, তলিয়ে যাওয়ার শঙ্কায় বোরো ফসল

ছবি: সংগৃহীত

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে হাওরে পানি প্রবেশ করে বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার রাতে উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর এলাকার মধ্যবর্তী ফসলরক্ষা বাঁধের একটি অংশ কেটে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় কৃষকদের দাবি, মাছ ধরার উদ্দেশ্যে কেউ বা কোনো গোষ্ঠী বাঁধটি কেটে থাকতে পারে। দ্রুত বাঁধটি মেরামত করা না গেলে ফসলের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শাল্লা উপজেলা থেকে দিরাই ও সুনামগঞ্জ জেলা সদরে যাতায়াতের অন্যতম মাধ্যম এই মাটির বাঁধ।

আনন্দপুর গ্রামের কৃষক সবিনয় দাস বলেন, “অতিবৃষ্টিতে আগেই অনেক ফসলের ক্ষতি হয়েছে। এখন আবহাওয়া অনুকূলে থাকায় কিছু ফসল ঘরে তোলার আশা ছিল। এর মধ্যেই বাঁধ কেটে দেওয়ায় অবশিষ্ট ফসলও তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।”

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাল্লা উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ চলছে এবং দ্রুত কাটা অংশ বন্ধ করা হবে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, হাওরে বোরো ধান কাটার কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাঁধ কাটার ঘটনায় প্রশাসন গুরুত্বসহকারে কাজ করছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন