প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৯:৫১ পিএম

অনলাইন সংস্করণ

সালাম না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

রাজধানীর সরকারি বাঙলা কলেজে সালাম না দেওয়াকে কেন্দ্র করে পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজা ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাঙলা কলেজ ফিজিক্স সোসাইটি।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজ শেষে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে এ ঘটনা ঘটে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। ভুক্তভোগী মো. আব্দুর রহিম পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্স (২০২৩-২৪) সেশনের শিক্ষার্থী এবং কলেজ বিজ্ঞান ক্লাবের বর্তমান সভাপতি।

ফিজিক্স সোসাইটির বিবৃতিতে বলা হয়, নামাজ শেষে ক্যাম্পাস গেট এলাকায় অবস্থানকালে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজা মোটরসাইকেলে করে বের হওয়ার সময় আব্দুর রহিমের সঙ্গে তার দৃষ্টি বিনিময় হয়। এ সময় ফয়সাল রেজা মোটরসাইকেল ঘুরিয়ে এসে তাকে ডেকে বিভিন্নভাবে তিরস্কার করেন। পরিস্থিতি এড়াতে আব্দুর রহিম দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে আবার ডাকা হয়। পরে "সালাম না দেওয়ার" অভিযোগ তুলে ফয়সাল রেজার সঙ্গে থাকা কয়েকজন তার ওপর শারীরিকভাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ক্যাম্পাস ত্যাগের উদ্দেশ্যে রিকশায় ওঠার পরও কয়েকজন যুবক তার ওপর পুনরায় হামলা চালিয়ে মারধর করে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঙলা কলেজ ফিজিক্স সোসাইটি এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানায়। সংগঠনটির ভাষ্য, একজন নিয়মিত শিক্ষার্থী ও বিভাগীয় ক্লাবের সভাপতির ওপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন হামলা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।

এ ঘটনায় কলেজ প্রশাসনের কাছে তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবিগুলো হলো সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

ফিজিক্স সোসাইটি জানিয়েছে, দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

তবে অভিযোগের বিষয়ে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন