প্রকাশিত: ৩১ আগষ্ট, ২০২৬, ১০:২৫ পিএম

অনলাইন সংস্করণ

দ্রুত সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজান চৌধুরী অসুস্থ, ঢাকায় উন্নত চিকিৎসাধীন

সুনামগঞ্জ প্রতিনিধি:
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী মিজান। বর্তমানে তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
জানা যায়, গতকাল রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সোমবার সকালে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মিজান চৌধুরীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সুনামগঞ্জসহ ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তবে সম্পূর্ণ সুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, মো. মিজানুর রহমান চৌধুরী মিজান তাঁর দ্রুত আরোগ্যের জন্য আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী এবং সুনামগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
সুনামগঞ্জের মানুষের কাছে দীর্ঘদিনের পরিচিত মুখ মিজান চৌধুরীর অসুস্থতার খবরে সর্বস্তরের মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। তাঁর আরোগ্য কামনায় মসজিদে মসজিদে দোয়া এবং ব্যক্তিগতভাবে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
জনতার মিজান চৌধুরী দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের মাঝে ফিরে আসবেন—এমন প্রত্যাশায় তাঁর আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন