প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৮:০৫ এ এম

অনলাইন সংস্করণ

২২ দিনেও মেলেনি নিখোঁজ কিশোরী ফারিয়ার সন্ধান

ছবি: নিখোঁজ ফারিয়া

 

ঢাকায় ফুফুর বাসায় বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া মিরসরাইয়ের কিশোরী ফারজানা আক্তার ফারিয়া (১৮)-এর ২২ দিনেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তার পরিবারের সদস্যদের।

পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্য তালবাড়িয়া এলাকার বাসিন্দা ফারিয়া গত ১৭ এপ্রিল বাবা হেদায়েত উল্যা চৌধুরী (৬৬)-এর সঙ্গে ঢাকার খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় ফুফুর বাসায় বেড়াতে যায়। ওইদিন বিকেলে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ফারিয়ার ভাই সাব্বির খান জানান, ছোটবেলা থেকেই ফারিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন ও জেদি স্বভাবের। এর আগেও কয়েকবার অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। তবে এবার রাজধানীর মতো অপরিচিত শহরে নিখোঁজ হওয়ায় পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। মেয়ের শোকে বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) পংকজ কান্তি সরকার বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি দেশের বিভিন্ন থানায়ও জানানো হয়েছে।

ফারিয়ার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন