প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০৮:৪২ এ এম
অনলাইন সংস্করণ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো— কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং তার চাচাতো ভাই সালেহ আহমেদের ছেলে মেহেদি হাসান মুন্না (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশু দুটির চাচা জাকারিয়া হাওরে গরু চরাতে যান। এ সময় মাঈশা ও মুন্নাও তার সঙ্গে যায়। পরে তিনি শিশু দুটিকে বাড়িতে ফিরিয়ে দেন। তবে পরিবারের অজান্তে একপর্যায়ে তারা বাড়ির পাশের ‘রাহুরখাল’ নামে পরিচিত খালের পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন খাল থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের চাচা জাকারিয়া জানান, গরু চরাতে যাওয়ার সময় ভাতিজা-ভাতিজি তার সঙ্গে গিয়েছিল। পরে তাদের বাড়িতে রেখে আসার পর হঠাৎ চিৎকার শুনে খালের পাশে গিয়ে জানতে পারেন, শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। কীভাবে তারা আবার খালের কাছে গেল, তা কেউ বুঝতে পারেননি বলে জানান তিনি।
ফতেহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন