প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০৮:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

দেশীয় প্রযুক্তিতে তৈরি ইভি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রিক ভেহিক্যাল (ইভি) চালিয়ে দেখেছেন। এ সময় তিনি নির্মাতা প্রতিষ্ঠানকে প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

শনিবার সকালে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর তৈরি বিভিন্ন ধরনের ইভি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) এবং একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে দেখেন।

নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম ইলেক্ট্রিক ভেহিক্যাল নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখার চেষ্টা করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের মান ও নিরাপত্তা নিশ্চিত করে যদি বৈদ্যুতিক যান উৎপাদন করা যায় এবং এর মাধ্যমে দেশ উপকৃত হয়, তাহলে সরকার এ খাতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রীকে প্রদর্শনের জন্য কার্যালয় প্রাঙ্গণে দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল আনা হয়। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে তিনি নিজ দপ্তরে প্রবেশের আগে গাড়িগুলো পরিদর্শন করেন।

প্রথমে তিনি একটি এসইউভি চালিয়ে দেখেন। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে তাকে অবহিত করেন। পরে প্রধানমন্ত্রী একটি কাভার্ড ভ্যানও চালিয়ে দেখেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির-কে নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন। সেখানে ইভি গাড়ির বাজারজাতকরণ, উৎপাদন সম্প্রসারণ এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে চেয়ারম্যান এ মান্নান হোসেন খান সাংবাদিকদের জানান, গাড়িগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামালের ওপর শুল্ক সুবিধা দেওয়া হলে কম খরচে গাড়ি বাজারে আনা সম্ভব হবে।

ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির বলেন, ইউরোপীয় মান বজায় রেখে গাড়িগুলো তৈরি করা হয়েছে। ফলে অচিরেই বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে।

নির্মাতাদের তথ্য অনুযায়ী, এসইউভি ধরনের একটি গাড়ি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা এবং ফাস্ট চার্জিংয়ে সময় লাগে প্রায় আধা ঘণ্টা।

অন্যদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে পারে। এসব গাড়ির ব্যাটারি সাধারণ চার্জে পূর্ণ হতে প্রায় ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিট সময় লাগে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন