প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০২:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

হজের নিয়ম ভঙ্গ: বাংলাদেশিসহ ১৩ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

 

হজের নিয়ম ও বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে তিনটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে ১২ জন প্রবাসী এবং একজন সৌদি নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর হজ বিজ্ঞাপন প্রচার করে প্রতারণার অভিযোগে চারজন প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে মক্কার নিরাপত্তা টহল দল। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি, অন্যরা ভারত ও আফগানিস্তানের নাগরিক।

অভিযানকালে তাদের কাছ থেকে জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্য এক অভিযানে, সরকারি অনুমতিপত্র ছাড়া তিনজন আফগান নাগরিককে মক্কায় প্রবেশে সহায়তার অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও প্রবাসীদের হজের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, হজ সংক্রান্ত আইন লঙ্ঘন বা জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার তথ্য পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোরও আহ্বান জানানো হয়েছে।

এ জন্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন