প্রকাশিত: ১ জুন, ২০২৬, ১২:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

 

তাকিনুল ইসলাম: রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলার অভিযোগও উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আহাদ দৈনিক আমার সকাল পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি এবং অনলাইন সংবাদমাধ্যম প্রজন্ম ২৪-এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, শনিবার (৩১ মে) রাত ১০টার দিকে রায়পুর উপজেলার বাসাবাড়ি বাজার এলাকায় একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ২০ থেকে ২৫ জনের একটি দল তার পথরোধ করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয় বলে দাবি করেন তিনি।

আব্দুল আহাদ জানান, হামলার একপর্যায়ে তিনি আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তার মোবাইল ফোন নিয়ে নেয়। পরে ফোনে ধারণ করা একটি ভিডিওসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আহত অবস্থায় তিনি রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

তিনি আরও দাবি করেন, পরদিন সকালে জানতে পারেন তার মোবাইল ফোন রায়পুর থানায় রয়েছে। ফোনটি নিতে গেলে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার মোবাইলের লক খুলে ডিভাইসটি পরীক্ষা করেন। পরে তিনি থানায় অভিযোগ দিতে গেলে তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন।

এ ঘটনায় সাংবাদিক আব্দুল আহাদ বলেন, মোবাইলে সংরক্ষিত প্রয়োজনীয় তথ্য ও নথি মুছে যাওয়ায় তার পেশাগত কার্যক্রম ব্যাহত হয়েছে।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকের ওপর হামলা এবং তথ্য-উপাত্ত নষ্ট করার অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তারা ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাংবাদিক সমাজের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে সংবাদকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন