প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। একইসঙ্গে সংগঠনটি এ সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং মাওলানা জাকির হোসাইন বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, এমন সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মানুষ নানা অর্থনৈতিক চাপে রয়েছে।
বিবৃতিতে নেতারা বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি শুধু গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে না, বরং এর প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতি ও জনজীবনেও পড়বে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের বৃদ্ধি এবং সীমিত আয়ের কারণে সাধারণ মানুষ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিতে পারে।
তারা উল্লেখ করেন, বিদ্যুৎ আধুনিক জীবনের অপরিহার্য একটি সেবা, যা গৃহস্থালি, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাসহ সব খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি উৎপাদন ব্যয় বাড়াবে এবং এর প্রভাব শেষ পর্যন্ত বাজারমূল্য ও ভোক্তা পর্যায়ে পড়বে।
নেতারা আরও বলেন, জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি না করে বিদ্যুৎ খাতে বিদ্যমান দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তাদের মতে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের ওপর নতুন বোঝা চাপানো ছাড়াই খাতটি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।
বিবৃতিতে জনগণের স্বার্থ ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন