প্রকাশিত: ৭ জুন, ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ
আদ্-দ্বীনে মৃত ৬ শিশুর প্রত্যেক পরিবার পাবে ৮০ লাখ টাকা
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবহেলায় ৬ শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার এবং কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
রোববার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টের নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।
শিশির মনির বলেন, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।
এ সময় সন্তানহারা প্রত্যেক পরিবারকে এর মধ্যে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
৬ শিশুর মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টা সময় চেয়েছে বলে জানান শিশির মনির।
এর আগে মৃত ৬ শিশুর পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসা,শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন। এ ছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুবিধা ও আদ-দ্বীনে চাকরির সুযোগ পাবেন।
মন্তব্য করুন