প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ০৭:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

সড়কের পাশে নির্মাণসামগ্রী রাখায় আখাউড়ায় তিনজনকে জরিমানা

 

মাহমুদুর রহমান: আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জনসাধারণের চলাচলের সড়কের পাশে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণ এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে আখাউড়া পৌরশহরের বাইপাস সড়ক, কলেজপাড়া, নয়ারপুর ও রাধানগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো. কফিল উদ্দিন মাহমুদ।

জরিমানাপ্রাপ্তরা হলেন শামীম, মো. আরিফ ও সিরাজুল ইসলাম। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় আখাউড়া থানা-পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্তরা জনসাধারণের ব্যবহৃত সড়কের পাশে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণের পাশাপাশি পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, “বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী রাস্তার পাশে নির্মাণসামগ্রী ফেলে পরিবেশ ও বায়ুদূষণ ঘটানোর দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পৌরসভার বিধান অনুযায়ী জনসাধারণের ব্যবহৃত সড়ক বা পথের ওপর কোনো ব্যক্তি নির্মাণসামগ্রী রাখতে পারেন না। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জনদুর্ভোগ কমবে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন