প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ০১:০৭ পিএম

অনলাইন সংস্করণ

সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

স্টাফ রিপোর্টার:
সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে অন্যান্য দিনের মতো সরাসরি নিজ দপ্তরে না গিয়ে তিনি হঠাৎ করেই সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শনে বের হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাড়ি থেকে নেমেই প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি, মৎস্য ও প্রাণিসম্পদ, মহিলা ও শিশু বিষয়ক, স্বাস্থ্য এবং গণপূর্তসহ অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর চলমান কার্যক্রম, সেবার মান এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

আকস্মিক এই পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার সকালে কৃষিমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সঙ্গে ‘কৃষক কার্ড’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দুপুরে তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।
 

মন্তব্য করুন