প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ০২:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

বাসের বক্সে দমবন্ধ হয়ে ৪৭ ছাগলের মৃত্যু, জরিমানা ১০ হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লালমনিরহাট থেকে যাত্রীবাহী বাসে করে লক্ষ্মীপুরে আনার পথে দমবন্ধ হয়ে ৪৭টি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বাসের সুপারভাইজার ও ছাগলের মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) লালমনিরহাট থেকে ‘অনিন্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে করে ফারুক নামে এক ব্যবসায়ী ৪৭টি ছাগল লক্ষ্মীপুরে আনছিলেন। একই সময়ে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর ৮টি ছাগলও বাসটির নিচের বক্সে রাখা হয়।

অভিযোগ রয়েছে, ছাগলগুলোকে বাসের লাগেজ বক্সে গাদাগাদি করে রাখা হয়েছিল। দীর্ঘ পথযাত্রা, তীব্র গরম এবং পর্যাপ্ত বাতাসের অভাবে শুক্রবার রাতে একপর্যায়ে দমবন্ধ হয়ে ৪৭টি ছাগলই মারা যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক প্রায় ১০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন। ঘটনার পর প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং জরিমানা আদায় করে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের অমানবিক পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর নজরদারি না থাকলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে।

মন্তব্য করুন