প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৮:১০ এ এম
অনলাইন সংস্করণ
মোঃ আব্দুর রশীদ: চৌগাছা যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. সোহরাব হোসেন ওরফে বিশে (৪৯), চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কামরুজ্জামান (৫২) এবং উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিক হায়দার (৩৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনই চৌগাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের হওয়া নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন