প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১০:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন আখাউড়ার মিন্টু

ছবি সংগ্রীহিত

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন আখাউড়ার মিন্টু

মাহমুদুর রহমান
প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন সমর্থকদের উন্মাদনা তুঙ্গে, তখন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন মো. মিন্টু মিয়া নামে এক যুবক।

বুধবার (১০ জুন ২০২৬) আখাউড়া উপজেলার স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের উপস্থিতিতে মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে ব্রাজিল দলের সমর্থন ত্যাগ করেন এবং সৌদি আরব ফুটবল দলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন।

মিন্টু মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে এবার তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। নতুনভাবে সৌদি আরবের সমর্থক হিসেবে নিজের অবস্থান জানান দিতেই তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেছেন।

তিনি বলেন, “আমি অনেক বছর ব্রাজিলকে সমর্থন করেছি। কিন্তু এখন থেকে সৌদি আরব দলকে সমর্থন করব। তাই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছি।”

নতুন দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এলাকায় ৫০০ ফুট দীর্ঘ একটি বিশাল সৌদি আরবের পতাকা প্রদর্শনের ঘোষণাও দিয়েছেন মিন্টু। তার এ ঘোষণা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, ফুটবল নিয়ে নানা ধরনের আয়োজন দেখা গেলেও দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তনের এমন ঘটনা এলাকায় আগে কখনো দেখা যায়নি। অনেকেই বিষয়টিকে ব্যতিক্রমী ও মজার ঘটনা হিসেবে দেখছেন।

মিন্টু মিয়ার এই কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ফুটবলপ্রেমীদের একাংশ তার উদ্যোগকে অভিনব বলে মন্তব্য করলেও, অন্যরা এটিকে খেলার প্রতি আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

বিশ্বকাপকে সামনে রেখে আখাউড়ার এই ব্যতিক্রমী সমর্থক এখন স্থানীয়ভাবে বেশ আলোচনায় রয়েছেন। তার দল পরিবর্তনের ঘটনা ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল ও হাস্যরসের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন