প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১১:৩৫ এ এম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোটরসাইকেলসহ ৯ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (১০ জুন) রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পরিচালিত এক অভিযানে এসব জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের মো. সালাউদ্দিন (৩৬)। জব্দ করা মোটরসাইকেলটি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসি মডেলের।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে আরও জানা গেছে, গত তিন মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৪০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন