প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রোববার (২১ জুন) ভোরে সদর উপজেলার হুজরাপুর রেলবাগান এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ট্রাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ওই নারীকে আটক করা হয়।
আটক ব্যক্তি হুজরাপুর রেলবাগান এলাকার বাসিন্দা মোসা. সেলিনা বেগম (৬৫)। অভিযান চলাকালে তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সেলিনা বেগমের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন