প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:২০ এ এম
অনলাইন সংস্করণ
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় ‘শহীদ আব্দুল মালেক বৃক্ষ উদ্যান’ উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া পশ্চিম শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে শাখা সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তায়েফ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে তানজির হোছাইন জুয়েল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।
তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ছাত্রশিবির শুধু শিক্ষার্থীদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশেই নয়, বরং সমাজ ও পরিবেশের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রেখে যাচ্ছে। নবপ্রতিষ্ঠিত এ বৃক্ষ উদ্যান স্থানীয় পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক জুয়েল আহমদ এবং সাবেক অফিস সম্পাদক তারিকুল ইসলাম খান।
এ ছাড়া থানা মাদ্রাসা সম্পাদক সাঈদ বিন ফয়েজ রাহিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষ উদ্যানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন