প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৪২ পিএম

অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় আট দিন ধরে আটকা পাঁচ যুবক

ছবি সংগ্রীহিত

 

 কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্ত এলাকায় শূন্যরেখায় টানা আট দিন ধরে অবস্থান করছেন পাঁচ যুবক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় তারা দুই দেশের মধ্যবর্তী এলাকায় আটকা পড়েছেন বলে জানা গেছে।

রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

সীমান্ত সূত্রে জানা যায়, গত রোববার সকালে রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত এলাকায় পাঁচ যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি এ বিষয়ে আপত্তি জানালে তারা শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। এরপর থেকে তারা সীমান্তের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খোলা আকাশের নিচে দিন-রাত কাটাতে হচ্ছে ওই যুবকদের। তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। একদিকে বিএসএফ এবং অন্যদিকে বিজিবির অবস্থানের কারণে তারা কোনো দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারছেন না।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলোতে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমস্যাটির সমাধান এবং আটকে পড়া ব্যক্তিদের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে পতাকা বৈঠকসহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তবে ঠিক কবে নাগাদ পরিস্থিতির সমাধান হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

মন্তব্য করুন