প্রকাশিত: ২৪ আগষ্ট, ২০২৬, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচে দিয়েগো ম্যারাডোনার করা দুটি ঐতিহাসিক গোলের সাক্ষী সেই বলটি এবার নতুন মালিকের হাতে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ এবং শতাব্দীর সেরা গোলের সময় ব্যবহৃত অ্যাডিডাসের আজতেকা বলটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪১ কোটি ২ লাখ টাকা।
শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনের আয়োজনে বলটি বিক্রি হয়। তবে নতুন ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
নিলাম শুরুর আগে বলটির দাম ১ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করেছিল আয়োজকরা। প্রাথমিক দর নির্ধারণ করা হয়েছিল ২৫ লাখ ডলার। শেষ পর্যন্ত ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হলেও তা প্রত্যাশিত মূল্যের তুলনায় অনেক কম।
১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে লাফিয়ে উঠে বাঁ হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা।
তিউনিসিয়ার রেফারি আলী বিন নাসের হ্যান্ডবলটি দেখতে না পাওয়ায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। পরে নিজের সেই গোল নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, গোলটি হয়েছিল কিছুটা তাঁর মাথা এবং কিছুটা ‘ঈশ্বরের হাতের’ মাধ্যমে। এরপর থেকেই গোলটি বিশ্ব ফুটবলে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হয়ে ওঠে।
এর মাত্র চার মিনিট পর একই ম্যাচে আবারও ইতিহাস সৃষ্টি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে প্রায় ৭০ মিটার দৌড়ে ইংল্যান্ডের ছয় খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন তিনি। গোলটি পরে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃতি পায়।
ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ম্যারাডোনার অসাধারণ নেতৃত্বে বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলে দলটি।
ম্যাচের পর বহু বছর বলটি নিজের কাছে সংরক্ষণ করেছিলেন ওই ম্যাচের রেফারি আলী বিন নাসের। ২০২২ সালে তিনি বলটি নিলামে তোলেন এবং তখন এটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়।
এরপর ২০২৩ সালে বলটি আবার নিলামে ওঠে। সে সময় সর্বোচ্চ দর উঠেছিল ২০ লাখ ৪০ হাজার ডলার। তবে নির্ধারিত সর্বনিম্ন মূল্য অর্জিত না হওয়ায় শেষ পর্যন্ত সেটি বিক্রি হয়নি।
এবার হেরিটেজ অকশনের নিলামে ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হলো ঐতিহাসিক বলটি।
১৯৮৬ সালের একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিও এর আগে নিলামে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০২২ সালে জার্সিটি প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল, যা বর্তমান বিনিময়মূল্যে প্রায় ১১৪ কোটি টাকা।
বলটির ক্ষেত্রেও জার্সির কাছাকাছি দাম পাওয়ার প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ না হলেও ৪১ কোটি টাকার বেশি দামে বিক্রি হওয়া বলটি ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে নতুন মালিকের সংগ্রহে যুক্ত হলো।
মন্তব্য করুন