প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৮:৫১ এ এম

অনলাইন সংস্করণ

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির

 


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ কষ্টে রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত লোকজনের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তবে সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। সেখানে তিনি সূরা ফাতিহা পাঠ করেন এবং তাঁর শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।

কবর জিয়ারত শেষে স্থানীয় মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।

তাঁর আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাতযাপন করেন ডা. শফিকুর রহমান। শনিবার সকাল সোয়া পাঁচটার দিকে সেখান থেকে ধুনটের উদ্দেশে রওনা হন তিনি।

কবর জিয়ারত শেষে সকাল পৌনে ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তাঁর। পরে দুপুর ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন