প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ
মামুনুর রশিদ খান
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে যশোরের মণিরামপুরে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মণিরামপুর পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এ সময় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. ফায়াজ আহমেদ ফয়সাল, মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমপি গাজী এনামুল হক মণিরামপুরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তিনি নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় এমপি গাজী এনামুল হক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজের বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের প্রত্যেককে নিজের আঙিনা পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।”
কর্মসূচিতে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
পরে আয়োজকদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন