প্রকাশিত: ১৬ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:৫৮ এ এম

অনলাইন সংস্করণ

মণিরামপুরে মাদক মামলায় ছয়জনের কারাদণ্ড

 

মামুনুর রশিদ খান:মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আটক আরও তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর একজনকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মণিরামপুর থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও রাখার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাকোশপোল গ্রামের ছলেমানের ছেলে জাহাঙ্গীর (১৫ দিনের কারাদণ্ড), বালিধা গ্রামের হুমায়ুন কবির (১৫ দিন), দেলুয়াবাড়ি গ্রামের আমিন গাজীর ছেলে জামাল গাজী (৩০ দিন), একই এলাকার মৃত সোনা গাজীর ছেলে নিসার গাজী (৩০ দিন), মাঝলাউড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তানভীর শাওন (২০ দিন) এবং দেবীদাসপুর গ্রামের কেরামত সরদারের ছেলে টিটো সরদার (১৫ দিন)। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

মণিরামপুর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন