প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ
মামুনুর রশিদ খান: মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে ভূমি সেবায় গতি আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহির দায়ান আমিন। রেকর্ড হালনাগাদ, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ব্যবস্থাপনা ও নামজারি কার্যক্রমে তদারকি বাড়ানোর পাশাপাশি নিয়মিত শুনানির মাধ্যমে ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব দিচ্ছেন তিনি। একই সঙ্গে যশোর সদরের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন এই কর্মকর্তা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে নিয়মিত ভূমিসংক্রান্ত মামলার শুনানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার একদিনে ২২টি ভূমি মামলার শুনানি সম্পন্ন করা হয়। এতে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে অপেক্ষায় থাকা সেবাগ্রহীতারা দ্রুত শুনানির সুযোগ পেয়েছেন।
স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, ভূমি অফিসের সেবা নিতে গিয়ে অতীতে নানা ধরনের হয়রানি ও দীর্ঘসূত্রতার মুখে পড়তে হতো। তবে বর্তমানে নির্ধারিত সরকারি ফি পরিশোধের মাধ্যমে যথাসময়ে সেবা পাওয়ার সুযোগ বাড়ছে বলে জানান তারা। ইউনিয়ন ভূমি অফিসগুলোর কার্যক্রমেও নিয়মিত তদারকি করা হচ্ছে।
এদিকে ভূমি সেবার পাশাপাশি জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনাতেও সক্রিয় রয়েছেন মাহির দায়ান আমিন। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন রেস্টুরেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী জরিমানা করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ভূমি ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি ও শুনানি কার্যক্রম বাড়ায় সেবাগ্রহীতাদের মধ্যে আস্থা তৈরি হচ্ছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রশাসনের কার্যক্রম দৃশ্যমান হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহির দায়ান আমিন বলেন, সরকারি বিধিবিধান অনুসরণ করে সেবাগ্রহীতাদের হয়রানি কমানো এবং নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়াই তাঁর মূল লক্ষ্য। জনস্বার্থে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
মন্তব্য করুন