প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি :
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মো. গোলাম রসুল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. আলিমুর রাজিবের সার্বিক ব্যবস্থাপনায় সভাটি পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ।
সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আলতাফ হোসাইন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
সভায় ২০২৫–২৬ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, সাব-সেন্টার কার্যক্রম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়-ব্যয়ের তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে এমপি গোলাম রসুল বলেন, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, হাসপাতালের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্টদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। গাইনি ও সার্জারি কনসালটেন্ট সংকটসহ বিভিন্ন সমস্যার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি রোগীদের খাবারের মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরা হয়। এর মধ্যে শয্যা সংকট, ঝুঁকিপূর্ণ ভবন, অবকাঠামোগত দুর্বলতা, জনবল সংকট, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও ওষুধের স্বল্পতা এবং টিকা সরবরাহে ঘাটতির বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। বিশেষ করে র্যাবিস ভ্যাকসিন, হামসহ গুরুত্বপূর্ণ টিকার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষাংশে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন করে চারজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
মন্তব্য করুন