প্রকাশিত: ৮ মে, ২০২৬, ০৯:৩০ এ এম

অনলাইন সংস্করণ

আজ শাহবাগে ‘শাপলার শহীদগাঁথা’ অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে স্মরণ ও মূল্যায়নের লক্ষ্যে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘শাপলার শহীদগাঁথা’।

শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ‘শহীদনামা’ স্মারকগ্রন্থের সমৃদ্ধ সংস্করণের মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন এবং শাপলা স্মৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওয়ায়দুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালাসহ অনেকে।

আয়োজকরা জানান, ৫ মের শাপলা চত্বরের ঘটনার ইতিহাস, স্মৃতি ও দলিলভিত্তিক উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে শাপলা স্মৃতি সংসদ।

মন্তব্য করুন