প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১০:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন বাবা ও তার ছোট মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনিছুর রহমান ও তার দুই বছর বয়সী মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আনিছুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ঈদের ছুটি উপলক্ষে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি পাবনায় যাচ্ছিলেন তিনি। পথে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ে নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী আয়েশা বেগম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন