প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ১২:০০ পিএম

অনলাইন সংস্করণ

এমপিও ও অনুদান ছাড়ের দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

 

 

রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন এবং চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত অনুদানবিহীন শিক্ষকদের অনুদান দ্রুত ছাড়ের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা। দাবি মানা না হলে আগামী ২১ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও ঈদ উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় রাজধানীর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে 'স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি'র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মুফতি আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় এতে বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক গত ১০ আগস্ট (২০২৫) শূন্য পদে নিয়োগপ্রাপ্ত অনুদানবিহীন শিক্ষকদের অনুদান ছাড়ের চূড়ান্ত অনুমোদন দিলেও ১০ মাস অতিবাহিত হলেও তা কার্যকর হয়নি। ফলে ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা বর্তমানে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৮৪ সালে মাদরাসা শিক্ষা বোর্ড স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্বীকৃতি দিলেও আজ পর্যন্ত একটি মাদরাসাও এমপিওভুক্ত হয়নি। বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা না থাকায় মেধাবী শিক্ষকরা এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো:

  • স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ও দ্রুত এমপিওভুক্ত করা।

  • ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত অনুমোদিত সকল শিক্ষক-শিক্ষিকার বকেয়া অনুদান অবিলম্বে ছাড় করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়ক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, মাদরাসা শিক্ষক পরিষদের মহাসচিব মো. শামছুল আলম, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বশিরউল্লাহ আতাহারী ও মুখপাত্র মো. রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০ মে’র মধ্যে দাবি বাস্তবায়নের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ২১ মে থেকে কঠোর আন্দোলনে যাবেন শিক্ষকরা।

মন্তব্য করুন