প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ০৭:১২ এ এম

অনলাইন সংস্করণ

কুলাউড়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

 

কুলাউড়া (মৌলভীবাজার)

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা শাখা।

রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শাখার অফিস সম্পাদক মনির উদ্দিন, কুলাউড়া সরকারি কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, ভূকশিমইল ইউনিয়ন শাখার সভাপতি রেদোয়ান উদ্দিন জুবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মধ্যে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের গাছ রোপণ ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। একই সঙ্গে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন