প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ১২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

ছবি সংগ্রীহিত

 

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুলু মিয়া এবং তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা-ছেলে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সিদ্দিক শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন