প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ০৮:০২ এ এম

অনলাইন সংস্করণ

গ্রাম আদালতকে আরও কার্যকর করতে শার্শায় সমন্বিত কর্মশালা

 

শার্শা (যশোর) প্রতিনিধি

গ্রামীণ পর্যায়ে দ্রুত ও সহজলভ্য বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে এবং গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা একটি সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারি দপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।

রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফজলে ওয়াহিদ।

তিনি বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য সহজলভ্য ও কার্যকর একটি বিচারব্যবস্থা। ছোটখাটো বিরোধ বা সমস্যা নিয়ে যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদি মামলা-মোকদ্দমায় জড়িয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।”

ইউএনও আরও বলেন, “অনেক মানুষ এখনো গ্রাম আদালত ও এর বিচারিক ক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তাই সঠিক প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গ্রাম আদালতকে জনগণের আস্থার কেন্দ্রে পরিণত করতে হবে।”

কর্মশালায় উপস্থিত ছিলেন নিয়াজ মাখদুম, মারুফ হোসেন, মেহেদী হাসান, গুলশান-ই-জাহান এবং রুহুল আমিন।

এ ছাড়া বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন। বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য, কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় গ্রাম আদালতের সেবাসমূহ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় পর্যায়ে বিকল্প ব্যবস্থা জোরদার এবং বিচারপ্রার্থীদের জন্য সহজতর সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

মন্তব্য করুন