প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ
আব্দুর রাকিব, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. সাকির আলীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নির্যাতনের শিকার শিশু মো. নুর ই সাফি (৯) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই আল হিদায়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণির নাজেরা বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত সাকির আলী একই প্রতিষ্ঠানের শিক্ষক।
মামলার এজাহার ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ক্লাস চলাকালে শিশুটিকে কাঠের স্কেল দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার গলা চেপে ধরা হয় এবং শূন্যে তুলে মেঝেতে আছড়ে ফেলার অভিযোগ ওঠে। এতে শিশুটির মাথায় আঘাত লাগে বলে পরিবারের দাবি।
ঘটনার পর শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে নির্যাতনের দৃশ্য দেখতে পান বলে জানান তারা।
এরই মধ্যে ওই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে শ্রেণিকক্ষের ভেতরে অন্য শিক্ষার্থীদের সামনে শিশুটির ওপর নির্যাতনের দৃশ্য দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত শিক্ষককে আজ আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন