প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০৮:৪০ পিএম

অনলাইন সংস্করণ

আক্রান্ত শিশুদের চিকিৎসাই এখন সবচেয়ে জরুরি

টিকাদান ব্যবস্থার দুর্বলতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগ্রীহিত

আগের সরকারের অবহেলা ও টিকাদান ব্যবস্থার দুর্বলতার কারণেই সারা দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ আয়োজিত স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এই ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি করার চেয়ে হামে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন সরকারের কাছে বেশি জরুরি।”

হামের চিকিৎসা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সংশ্লিষ্ট চিকিৎসকদের আসন্ন ঈদে ছুটি না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হচ্ছে।

টিকাদান কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যে সেই লক্ষ্য অতিক্রম করে ১ কোটি ৮৪ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেশন, আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও এনআইসিইউর (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) সংকটের বিষয়টি তুলে ধরা হয়। এ কারণে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলেও জানানো হয়।

এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর, অক্সিজেন মিটার, নেবুলাইজারসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং পর্যাপ্ত স্যালাইন সরবরাহের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আইএফআরসি দেশের বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে সমন্বয় করে ২ হাজার ৪০০ রোগীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে। এতে হামে আক্রান্ত দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

হাম প্রতিরোধে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, হামে আক্রান্ত শিশুদের নিয়ে আপাতত জনবহুল স্থানে যাওয়া কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানো থেকে বিরত থাকতে হবে।

মন্তব্য করুন