প্রকাশিত: ২৪ আগষ্ট, ২০২৬, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল। একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বা পরে ঢাকায় অনুশীলন এবং ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধিদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাবিথ আউয়াল বলেন, বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ কিংবা ঢাকায় তাদের অনুশীলনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তাঁর ভাষায়, সম্ভাব্য সব বিকল্প নিয়েই দুই পক্ষের মধ্যে কথা হয়েছে।
আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে টাউনসভিল ও ব্রিসবেনে। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ভারত ম্যাচের পর ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কলকাতায় যাওয়ার আগে ঢাকায় এসে অনুশীলন করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
রোববার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। তারা জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা এবং কয়েকটি হোটেল পরিদর্শন করে। সম্ভাব্য ম্যাচ ভেন্যু, অনুশীলন মাঠ ও আবাসনব্যবস্থার সুযোগ-সুবিধা যাচাই করতেই মূলত তাদের এ সফর।
বাফুফে সভাপতি জানান, জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ এবং আশপাশের পরিবেশ ব্রাজিলের প্রতিনিধি দলের কাছে মোটামুটি গ্রহণযোগ্য মনে হয়েছে। তবে ড্রেসিংরুম, কারিগরি কর্মকর্তাদের জন্য নির্ধারিত জায়গা এবং খেলোয়াড়দের প্রবেশ ও বের হওয়ার নিরাপত্তাব্যবস্থায় কিছু উন্নয়ন প্রয়োজন বলে তারা মত দিয়েছেন।
তাবিথ আউয়ালের মতে, এসব উন্নয়ন অল্প সময়ের মধ্যে সীমিত পরিসরের কাজের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব।
ব্রাজিল ও বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আলোচনায় শুধু প্রীতি ম্যাচ আয়োজন নয়, আরও কিছু সহযোগিতার বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে অবকাঠামো ও মাঠ উন্নয়ন, যৌথ কোচিং কার্যক্রম এবং ক্রীড়াবিজ্ঞান নিয়ে কাজ করার সম্ভাবনা।
এ ছাড়া বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্রাজিলের প্রতিনিধি দল।
সোমবার রাত ১টা ৪০ মিনিটে ঢাকার সফর শেষ করে ব্রাজিলের প্রতিনিধিরা দেশ ছাড়েন। চলতি সপ্তাহে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসংবলিত প্রতিবেদন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে ব্রাজিলকে প্রীতি ম্যাচ খেলানোর আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকাকে ব্যবহারের সম্ভাবনা নিয়ে শিগগিরই সিবিএফের সঙ্গে আবারও বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে বাফুফের।
তবে বাংলাদেশের সূচির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। প্রতিযোগিতার শেষ দিন ৪ অক্টোবর। বাংলাদেশকে অন্তত তিনটি গ্রুপ ম্যাচ খেলতে হবে এবং প্রয়োজনে আরও একটি স্থান নির্ধারণী ম্যাচেও অংশ নিতে হতে পারে।
ফলে ব্রাজিলের ঢাকা সফর কিংবা বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচ নিয়ে আলোচনা চললেও এখনো কোনো কিছু নিশ্চিত হয়নি। তবে সম্ভাব্য সব বিকল্প নিয়েই দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে আলোচনা হয়েছে—এটিই আপাতত নিশ্চিত।
মন্তব্য করুন