প্রকাশিত: ২ সেপ্টেম্বার, ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরীর বিদায়ী সংবর্ধনা এবং একই স্কুলের ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হওয়ায় একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি ও অভিভাবক কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন এবং সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রব রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইনস্ট্রাক্টর ও প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিংকু দাশ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা খানম, গোলাম রাব্বানী, শাহীনুর আক্তার চৌধুরী, জাহাঙ্গীর বখত চৌধুরী, রুবেনা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমদ এবং সাংবাদিক বাদল আহমেদ।
অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মিত্রা চৌধুরী, যাকে ঘিরে গোটা অনুষ্ঠান আবেগঘন হয়ে ওঠে এবং শিক্ষক-শিক্ষার্থীদের চোখে অশ্রু টলমল করতে দেখা যায়। এ ছাড়া অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পরে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে গীতা পাঠ করা হয়। এরপর ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অভিভাবক কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর মিয়া।
এ সময় স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মিত্রা চৌধুরী আবেগআপ্লুত হয়ে পড়েন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
মন্তব্য করুন